ফের বাবা হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক রাম চরণ। স্ত্রী উপাসনা কামিনেনির সঙ্গে এটি তাঁদের দ্বিতীয় সন্তান। খবর এনডিটিভির।
দম্পতি সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, উৎসবমুখর এক আয়োজন। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। তারা উপাসনাকে উপহার দিচ্ছেন, মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল,“এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপন, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ আশীর্বাদ।”
ভিডিওর শেষ অংশে পর্দায় ভেসে ওঠে বার্তা— “নতুন সূচনার উদযাপন।” সেই লেখার শুরু ও শেষে দেখা যায় দুটি ছোট্ট পায়ের ছবি, যা থেকে ধারণা করা হচ্ছে— দম্পতি দ্বিতীয় সন্তান আগমনের অপেক্ষায় আছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রাম চরণ বা উপাসনা।
ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই ভিউ ছুঁয়েছে প্রায় ১ লাখ ৮৫ হাজার। রাম চরণের সহকর্মীসহ অসংখ্য ভক্ত তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধুত্ব থেকেই শুরু, এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক।
রাম চরণের আলোচিত সিনেমা ‘মাগাধীরা’ মুক্তির পর তাঁদের প্রেম আরও প্রকাশ্যে আসে। দুই পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিয়েতে কোনো জটিলতা হয়নি।
২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে তাঁদের বাগদান হয়। পরের বছর ১৪ জুন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনে ২০২৩ সালের ২০ জুন প্রথম কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা। এবার তাঁদের জীবনে আসছে নতুন আনন্দ— দ্বিতীয় সন্তানের আগমনের খবরেই উচ্ছ্বসিত ভক্তরা।



