সাময়িকভাবে টুইটারের সব কার্যালয়ের ভবন বন্ধ করে দেয়া হল । এ সিদ্ধান্ত শিগগির কার্যকর হবে বলেও জানায় কর্তৃপক্ষ। আগামী সোমবার, ২১ নভেম্বর পুনরায় খুলে দেওয়া হবে অফিস ;কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জানায় টুইটার কর্তৃপক্ষ। তবে টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ কেন নেয়া হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি ।
টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কর্মীদের অনেককে চলে যাওয়ার আহ্বান জানানোর পর এবং বিপুল সংখ্যক কর্মীর পদত্যাগ করার পর এমন সিদ্ধান্তের কথা জানা যায়।
টুইটারের পাঠানো ওই বার্তায় আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন’।
তবে টুইটার কর্তৃপক্ষ এ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বিবিসির কাছে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক জানান কর্মীরা যারা থাকতে চান তাদের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। যারা বৃহস্পতিবারের মধ্যে এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করবেন না তাদের ৩ মাসের বেতন কাটা হবে।
বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের আল্টিমেটামের পরে একাধিক কর্মচারী প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথমেই তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন। জারি করেন ১২ ঘণ্টার অফিস ও ছুটিহীন অফিস নীতি এবং ভেঙে দেন পরিচালনা পর্ষদও। ।এরপর টিমের সদস্যদের নিয়ে টুইটারের সফটওয়্যার কোডসহ অন্যান্য বিষয়ে অনুসন্ধান শুরু করেন । এছাড়া তিনি কর্মীদের অবকাঠামোগত খরচ বছরে ১০০ কোটি ডলার সাশ্রয়ের নির্দেশ দেন।
এক টুইটার বার্তায় মাস্ক বলেন, দিনে যখন কোম্পানিটি ৪০ লাখ ডলার লোকসান করছে, তখন দুর্ভাগ্যবশত জনবল ছাঁটাই ছাড়া কোনও বিকল্প নেই।
ইলন মাস্ক ২৭ অক্টোবর এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ।সম্প্রতি চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন তিনি জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া কেন কিনলেন, এর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন টেসলা সিইও। তিনি নিজেই টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন এবং ঢেলে সাজাতে শুরু করেন পুরো প্রতিষ্ঠানটি। তবে এরইমধ্যে টুইটার ছেড়েছেন শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তা।
মাহফুজা ১৮-১১



