যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্রাম্পের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ট্রাম্প এই চুক্তিকে ‘মহান শান্তি চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন, এটি বহু মিলিয়ন জীবন বাঁচাতে পারে। তিনি দুই দেশের নেতাদের ‘ঐতিহাসিক’ চুক্তিতে বিশেষ ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
গত জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৩ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। পাঁচ দিনের লড়াইয়ের পর ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।



