ভয়াবহ দাবানল ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারফাইটাররা। শনিবার ১৬ জুলাই বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য ।
উত্তর পর্তুগালে ফোজ কোয়া এলাকায় একটি পানিবাহী প্লেন বিধ্বস্ত হয়ে মারা যান পাইলট। ফ্রান্সের গিরোন্ডি অঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করায় সেখানকার ১২ হাজারের বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।
দক্ষিণ স্পেনের কোস্টা দেল সোলের কাছে মিজাস পাহাড়ে ছড়িয়ে পড়া দাবানলের জন্য প্রায় দুই হাজার তিনশ লোককে সরে যেতে হয়েছে।
টরেমোলিনোসের সৈকত থেকে পাহাড়ে উঠতে দেখা গেছে ধোঁয়ার বড় বড় কুণ্ডলি। সেখানে কয়েকটি প্লেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একজন স্থানীয় বাসিন্দা ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম আটলান্টিক উপকূলের কাছে বনের দাবানলকে বর্ণনা করেছেন পোস্ট অপোক্যালিপ্টিক অনুভূতি বলে।
পর্তুগালের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ ডিগ্রি ও স্পেনে ৪০ ডিগ্রি। এতে দেশগুলোর বনাঞ্চল শুষ্ক হয়ে আগুন ধরে যাচ্ছে। ভয়াবহ দাবানলে দেশ দুইটিতে তিনশ মানুষ মারা গেছেন।
মাহফুজা ১৬-৭



