বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।
এর আগে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ব্যবসায়ী ইসফাক আহসানকে ঘোষণা করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নেতিবাচক আলোচনার জেরে নির্বাচনের রাতেই তার মনোনয়ন বাতিল করা হয়। এরপর থেকেই একজন নারী ক্রীড়া সংগঠককে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা শুরু হয়, এবং শেষ পর্যন্ত রুবাবা দৌলার নামেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এনএসসি।
সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
রুবাবা দৌলা করপোরেট জগতের পরিচিত মুখ হলেও খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুর ক্রিকেট একাডেমি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবাবা দৌলা।
করপোরেট অঙ্গনে তার অভিজ্ঞতা ব্যাপক। তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ওরাকল থেকে ছাড়পত্র পাওয়ার পরই এনএসসি তার নাম ঘোষণা করে।
আজ (সোমবার) বিকেল ৩টায় মিরপুরে বিসিবির দ্বিতীয় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে, সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে রুবাবা দৌলার।



