৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    দায়িত্ব ছেড়ে পদত্যাগপত্র জমা দিলেন সালাহউদ্দিন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

    সালাহউদ্দিনের মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিনটি টিটোয়েন্টির হোম সিরিজের পর আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না তিনি।

    বিসিবি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে দশটার কিছু পর তিনি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্ধারিত ব্যক্তি নাজমুল আবেদীন ফাহিম অনুপস্থিত থাকায় তিনি তার পরিবর্তে এই পদক্ষেপ নেন।

    সূত্রগুলো জানায়, গত কয়েক মাস ধরে সালাহউদ্দিন ও ক্রিকেট পরিচালনা বিভাগের মধ্যে যোগাযোগে অস্বস্তি ছিল।

    বিসিবিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি জাতীয় দলের ব্যাটিং ও কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে তার কাজ নিয়ে সমালোচনা বেড়েছিল। জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সে স্থিতিশীলতা না আসা, পরিকল্পনায় ঘাটতি এবং খেলোয়াড় ব্যবস্থাপনায় অসন্তোষ দেখা দেয়ায় বোর্ডের ভেতর ও বাইরে তাকে ঘিরে প্রশ্ন উঠেছিল।

    বিসিবির স্থানীয় কোচদের মধ্যে সর্বোচ্চ প্রায় ১০ লাখ টাকা বেতন পেতেন সালাহউদ্দিন। তিনি এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অর্জন করেছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও বিসিবিসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সমালোচনার চাপে তিনি নিজের কাজ উপভোগ করতে পারছিলেন না। তাই এক মাসের টার্মিনেশন পিরিয়ড শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন

    বিসিবিতে যোগদানের আগে সালাহউদ্দিন বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটি দল এবং মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, সামনে আবারও তাকে ঘরোয়া ক্রিকেটে দেখা যেতে পারে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর