চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে গোল উৎসব করেছে বার্সেলোনা। ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ। ২২ বছর বয়সী এই ফুটবলার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে জয়ের নায়ক হন। তার সঙ্গে জোড়া গোল করেন ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ড। একটি গোল করেন লামিন ইয়ামাল।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কাতালানরা। সপ্তম মিনিটেই ইয়ামালের শট থেকে ফিরতি বল ধরে জাল খুঁজে নেন ফারমিন। এরপর ৩৯তম মিনিটে পেদ্রির পাস থেকে ড্রো ফের্নান্দেজের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। ৫০তম মিনিটে অলিম্পিয়াকোসের এল কাবির গোল করলেও ভিএআরে ধরা পড়ে অফসাইড। তবে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন তিনি। এর মাত্র তিন মিনিট পর অলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় গ্রিক ক্লাবটি।
এই সুযোগে বার্সা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৮ মিনিটে ইয়ামাল স্পট কিক থেকে গোল করেন। এরপর ৭২ ও ৮৯ মিনিটে র্যাশফোর্ডের দুটি গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। এর মাঝে ৭৯ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারমিন।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত ফারমিন বলেন,
“বার্সার হয়ে এটি আমার প্রথম হ্যাটট্রিক। স্বপ্নপূরণের মতো একটি রাত। এল ক্লাসিকোর আগে এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।”
এই জয়ে গ্রুপে নিজেদের শীর্ষস্থানে আরও দৃঢ় করল বার্সেলোনা । সামনে শনিবার ঐতিহাসিক ‘এল ক্লাসিকো’—আর তার আগে এমন এক জয় বার্সা শিবিরে এনেছে বাড়তি প্রাণ।



