ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
সিনিয়র সচিব বলেন, “৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি—যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৭টি, আর মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ।”
তিনি আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে।
আখতার আহমেদ বলেন, “একটি ভোটকেন্দ্রে গড়ে প্রায় ৩ হাজার ভোটার থাকবে। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে ধরা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।”
রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের অগ্রগতি প্রসঙ্গে ইসি সচিব বলেন,
“আমাদের দুটি বিষয়ে কিছুটা ধীরগতি আছে—একটি হলো রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন।”
তিনি জানান, “২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করা হয়েছে। মাঠপর্যায়ে তাদের বিষয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।”



