রমজান উপলক্ষে ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, চিনি, খেজুরসহ নিত্যপণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) ন্যূনতম মার্জিনে খোলার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে।রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাসে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উক্ত পণ্যসমূহের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।
৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেছিলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে আমদানিতে সর্বোচ্চ সহায়তা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে নিত্যপণ্যের (ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য পণ্য) এলসি সহজ করা হবে।অপ্রয়োজনীয় এলসি খোলা বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রমজানে নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
মাহফুজা ১১-১২



