হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাবা ও মামাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসা এক স্কুলছাত্রীকে স্থানীয় এক কিশোর উত্যক্ত ও শ্লীলতাহানি করে। এ বিষয়ে অভিযুক্তের পরিবারকে জানাতে গেলে গত রোববার (৩১ মে) রাতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
হামলায় স্কুলছাত্রীর বাবা ও মামা গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১ জুন) স্কুলছাত্রীর মা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



