নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২ জুন) ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে কয়েক শতাধিক আন্দোলনকারী কর্মসূচিতে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ মে ঈদের ছুটির আগে বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এ নিয়োগের বিরোধিতা করে আন্দোলনকারীরা দাবি করছেন, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন।
এর আগে ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খান পদত্যাগ করেন। আন্দোলনকারীরা সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। পাশাপাশি এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।
আন্দোলনের মুখে মঙ্গলবার নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম প্রধান কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের বোর্ড রুমে তালা ঝুলিয়ে দেন। ফলে সশরীরে পর্ষদ সভা আয়োজন সম্ভব না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি নিয়ে সোমবার গভীর রাতে অনলাইনে বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক এমডি মো. ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে ব্যাংকের নিয়মিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কেউ ওই অনলাইন সভায় অংশ নেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, ঢাকার প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন শাখার সামনেও গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। পরিস্থিতির প্রভাবে বিভিন্ন শাখা থেকে আমানত উত্তোলনের চাপও বেড়েছে বলে জানা গেছে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



