এ বছর নিপাহ ভাইরাসে আটজন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন পাঁচজন বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ।
রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের কাছে রোগী এসেছে ৮ জন। এরমধ্যে ৫ জন মারা গেছেন। এই ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়। কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড় খেজুরের রস পান করলে সেটি মানুষ পান করলেও হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে দ্রুত ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।
বাংলাদেশে ২০০১ সালে প্রথম নিপাহ শনাক্ত হয় মেহেরপুরে। এরপর প্রায় প্রতিবছর কোনো না কোনো জেলায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। এ পর্যন্ত আক্রান্ত ৩২৬ জনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৩১ জন।
নিপাহ আক্রান্তদের মধ্যে মৃত্যুহার অনেক বেশি। জানা গেছে যে বাদুড় এই ভাইরাস ছড়ায়। বাদুড় থেকে খেজুরের রসে ও রস থেকে মানুষের শরীরে এ ভাইরাস এসেছে। তাই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানো জরুরি।
মাহফুজা ২৯-১


