সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাসা থেকে তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ঘটনাস্থল থেকে এসব মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
মৃত এ তিনজনের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। তারা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ এর হাশিমপুরের গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলির আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। তিন জনই বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে কর্মরত ছিলেন।
গ্রোসারির মালিক বাংলাদেশি মুহাম্মদ রহিম মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি জানান, প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বের হয়ে কর্মচারীদের ডাকতে যাই। সাড়া না পেয়ে গাড়ি থেকে নেমে তাদের ঘরের দরজা খোলা পাই৷ পরে ভেতরে প্রবেশ করে দেখি তিনজনই মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।
তবে মৃতদের প্রতিবেশীরা বলছেন, জেনারেটর থেকে নিঃসৃত গ্যাসের বিষাক্ত ধোয়ায় ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হতে পারে।
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন বলেন, ‘তিন যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’তিনি আরও জানান, দুই থেকে তিন দিনের মধ্যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।
মাহফুজা ১০-১২



