৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সিরিজ জিতলো ইংল্যান্ড

    দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড । মঙ্গলবার (১৪ জুন) ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে জয় পেয়েছে ইংলিশরা। এতে করে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ম্যাককালামের শিষ্যরা।

    দ্বিতীয় টেস্ট জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন বেয়ারস্টো ও স্টোকস। বেয়ারস্টো ১৩৬ রান করেন। আর স্টোকস অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

    ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে চতুর্থ দিন শেষ করা নিউ জিল্যান্ড আজ পঞ্চম দিনে অলআউট হয়ে যায় ২৮৪ রানে। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৯ রান। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে অবশ্য আউট করা যায়নি। তিনি ৬২ রানে অপরাজিত থাকেন। আর ম্যাট হেনরি ১৮ রান করে আউট হন। এছাড়া পঞ্চম দিনে কাইল জেমিসন ১ ও ট্রেন্ট বোল্ট ১৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।

    বল হাতে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ম্যাথিউ পটস।

    ২৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম, ৫৩ রানে দ্বিতীয় ও ৫৬ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। অল্প রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডকে এরপর টেনে তোলেন আলেক্স লিস ও বেয়ারস্টো। দলীয় ৯৩ রানে লিস ৪৪ রান করে আউট হন।

    সেখান থেকে বেয়ারস্টোর ও স্টোকস পঞ্চম উইকেটে ১৭৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে যান। দলীয় ২৭২ রানের মাথায় বেয়ারস্টো আউট হন। যাওয়ার আগে মাত্র ৯২ বলে ১৪টি চার ও ৭ ছক্কায় ১৩৬ রানের নায়কোচিত ইনিংস খেলে যান। তিনি সেঞ্চুরি করেছিলেন ৭৭ বলে। মাত্র ১ বলের জন্য তিনি ছুঁতে পারেননি ১২০ বছরের একটি পুরনো রেকর্ড।

    অন্যদিকে ৭০ বলে ১০টি চার ও ৪ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলে ২২ ওভার হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্টোকস। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন বেন ফকস।

    বল হাতে ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন বেয়ারস্টো।

    এটা ছিল নতুন কোচ ব্রেন্ডান ম্যাককালাম ও নতুন অধিনায়ক বেন স্টোকসের প্রথম অ্যাসাইনমেন্ট। আর প্রথম অ্যাসাইনমেন্টেই সিরিজ জিতে সফল হলেন তারা।

    আগামী সপ্তাহে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর