তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতলো তামিম ইকবাল বাহিনী। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১০৮ রানে অল আউট হয় ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার চার বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা।
জয়ের জন্য ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন।
দলীয় ৪৮ রানে শান্ত সাজঘরে ফিরলেও তা জয়ের জন্য কোন প্রভাবই পরেনি। তামিম ৫০ রানে এবং লিটন দাস ৩২ রানে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌছে দেন।
এরআগে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদের পরিবর্তে নামা মোসাদ্দেক হোসেন বল হাতে শুরুতেই উইকেটের দেখা পান ।
এরপর শুরু হয় মিরাজ ও নাসুমের বোলিং তান্ডব। ৩৫ ওভারে একশ’আট রানে অল আউট করেন স্বাগতিকদের ।মেহেদী হাসান মিরাজ আট ওভার বল করে ২৯ রান খরচ করে নিয়েছেন চারটি উইকেট।নাসুম আহমেদ দশ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। এ ছাড়া মোসাদ্দেক ও শরীফুল পান একটি করে উইকেট ।



