বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় মোশাররফ হোসেন রুবেল আর নেই। মঙ্গলবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের এ বাঁহাতি স্পিনার।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ সফল অস্ত্রোপচার হয় তার।
২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে।গত বছরের অক্টোবরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিউইতে নেওয়া হয়েছিল ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে চিকিৎসার জন্য দেশের বাইরে যান তিনি। সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে ডাক্তার দেখিয়ে আসেন। তবে দেশে ফিরে আবার বেশ অসুস্থ হয়ে পড়েন। এজন্য কিছুদিন পর আবার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় রুবেলকে। সুস্থ্য হলে ১৫ এপ্রিল বাসায় নেয়া হয় । আজ মঙ্গলবার অসুস্থ্য হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। দক্ষিণ আফ্রিকা সিরিজে সেই অভিষেকের পর অবশ্য লাল সবুজের জার্সি গায়ে ক্যারিয়ারটা খুব বড় হয়নি। সেই সিরিজে তিন ম্যাচ খেলার পর আর কেবল দুটো ম্যাচেই খেলতে পেরেছেন তিনি। পাঁচ ম্যাচের জাতীয় দলের ক্যারিয়ারের শেষ ম্যাচটা তিনি খেলেছেন ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এর ঠিক আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক ম্যাচ খেলে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন তিনি। আফগানদের বিপক্ষে সে ম্যাচে ২৪ রান খরচায় তিনি তুলে নিয়েছিলেন ৩ উইকেট।
দেশের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচে ৪ উইকেট নিয়েছেন রুবেল। ২০০১ সালে অভিষেকের পর ১১২ প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৩৯২ উইকেট। ঘরোয়া ক্রিকেটে দক্ষতার সঙ্গে খেলেছেন অনেক বছর।
ব্যাট হাতে দুই সেঞ্চুরিতে করেছেন ৩৩০৫ রান।এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ১০৪ ওয়ানডেতে ১২০ উইকেটের সঙ্গে ১৭৯২ রান এবং ৫৬ টি-টোয়েন্টিতে ৬০ উইকেটের সঙ্গে ৬২ রান করেছেন তিনি। সবশেষ ২০১৯ সালের বিপিএলে স্বীকৃত পর্যায়ে ম্যাচ খেলেছেন রুবেল।
দুই প্রজন্মের ক্রিকেটাররা তার সান্নিধ্য পেয়েছেন মাঠে ও মাঠের বাইরে। তাই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভালোবাসা ও শোকে তারা স্মরণ করেছেন সাবেক এ তারকাকে।
তার মৃত্যুর খবর শুনে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকরা।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মোশাররফ রুবেলের একটি সাদাকালো ছবি ফেসবুকে পোস্ট করে শোক জানিয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’
দেশসেরা উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘মোশাররফ রুবেল ভাইয়ের খবরটা শুনে সত্যিই ভেঙে পড়েছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটে এটা একটি দুঃখের দিন। সবাই তার জন্য দোয়া করে যাব ইনশা আল্লাহ।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ রুবেলের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। খবরটা শুনে আমি খুবই মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রুবেল ভাইয়ের মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন!’



