বিএনপিকে নয়াপল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।বুধবার সকালে একথা নিশ্চিত করেন তিনি।
হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেয়া হয় নাই। ডিএমপি আগের সিদ্ধান্তেই আছে তবে আলোচনা করে এ বিষয়ে সমাধান হতে পারে।’
সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এ কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন একটি স্বাভাবিক রাজনীতি আমরা চাইছি, যেটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ। একটি গণতান্ত্রিক পরিবেশ চাইছি, যেখানে দিনের ভোট রাতে হবে না। এই চাওয়ার মধ্যে তো অরাজনৈতিক কর্মকাণ্ড মোকাবিলা করার কথা নয়। আমরা শান্তিপূর্ণ দাবির জন্য ষড়যন্ত্রের মধ্যে ঢুকতে চাই না। আমরা পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের কথা বলছি। একটি নির্দলীয় নির্বাচনের কথা বলছি। সব রকম আলোচনার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরও অনেক কর্মসূচি পালন করেছি। মহাসমাবেশ করেছি। আমরা দায়িত্ব নিয়ে বলেছি যে, যে ধরনের ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে, তা এখানে হবে না। ষড়যন্ত্র একেবারেই হবে না, তা বলছি না। তবে মন্দের ভালো নয়াপল্টন।
মাহফুজা ৭



