আপনারা ৭ জন পদত্যাগ করলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এই ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে বলে জানালেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।
শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যে বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, এএমএস কিবরিয়া, মমতাজ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। । রক্তের নদীর ধারা বইয়ে দিয়েছে বিএনপি।
তিনি বলেন, ‘আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে, তারেক ফিরে আসবে বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর, তারেক ফিরে আসবে কোন বছর? ‘বিএনপি ভাওতাবাজি করছে। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। আর লন্ডনে বসে তাদের মদদ দিচ্ছে তারেক জিয়া।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে।
ওবায়দুল কাদের বলেন, ‘পিকনিক পার্টি শুরু করেছে বিএনপি। বিভিন্ন জেলার সমাবেশেও তারা এই কাজ করেছে। কোথা থেকে আসে টাকা? যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশ নেই। বিদেশি বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে।
জনসভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।
সমাবেশে ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
মাহফুজা ১০-১২



