বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই, সকাল ১০টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হয়। যদিও সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়।
শনিবার সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় । জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক কোরআন তেলাওয়াত করেন ।
সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান , মোয়াজ্জেম হোসেন, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান , ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী ।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
সমাবেশের অনুমতি পাওয়ার পরই শুক্রবার বিকেল থেকে গোলাপবাগের মাঠে জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা। ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে।
রাতেই প্রায় ভরে উঠেছিল গোলাপবাগ মাঠ। ভোর হতেই বিএনপিকর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। বিএনপির নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
তবে সমাবেশে আসার পথে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
মধ্যরাত থেকেই মাঠে বসে তৈরি করা হয়েছে ব্যানার-ফেস্টুন। এসব তৈরিতে ব্যস্ত দেখা যায় গোলাপবাগ মাঠে আসা কয়েকজন ফেস্টুন তৈরির কারিগরকে।
এদিকে নাশকতা এড়াতে ঢাকার প্রবেশমুখে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। বাস, কার বা বাইক যে যেভাবেই ঢাকায় ঢুকছেন, তাদের তল্লাশি করা হচ্ছে।
পুলিশ জানায়, নগরবাসীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি করা হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই। কাউকে হয়রানি করা পুলিশের উদ্দেশ্য নয়।
এদিকে, বিএনপির যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে সতর্ক পাহারায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি। এ নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকেলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি। এরপর থেকেই সেখানে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা।
মাহফুজা ১০-১২



