গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপি’র কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখনো পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার রাতে ৭টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোলাপবাগ খেলার মাঠের উন্নয়নে “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)” শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের আওতায় গোলাপবাগ খেলার মাঠে সীমানা প্রাচীর ও বেষ্টনী, প্যাভিলিয়ন, ড্রেসিং রুম, বাস্কেটবল গ্রাউন্ড, নর্দমা, হাঁটার পথ, পাঠাগার ভবন (লাইব্রেরি বিল্ডিং), বাজার (মার্কেট বিল্ডিং) ইত্যাদি অনুষঙ্গের উন্নয়নসহ মাঠকে শুধু খেলাধুলার জন্য প্রস্তুত করা হয়েছে। মাঠের উন্নয়নে প্রকল্পের কাজ চলমান রয়েছে, যা প্রায় সমাপ্তির পথে। এই মাঠ উদ্বোধনের তারিখ নির্ধারণ করার পর্যায়ে রয়েছে। সুতরাং প্রকল্পের এই পর্যায়ে গোলাপবাগ খেলার মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজন করা হলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ‘আজ রাত ৯টা পর্যন্ত বিএনপির পক্ষ থেকে গোলাপবাগের মাঠে গণসমাবেশ করার জন্য আবেদন করেনি। বিএনপি মাঠ ব্যবহারের আবেদন করার পর সিটি করপোরেশনের সিদ্ধান্ত কি হবে তা গণমাধ্যমকে জানানো হবে।’
তবে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মুখপাত্র সৈয়দ এমরান সালেহ বলেন, ‘এটা পুলিশের ব্যাপার, তারা সরকারের সঙ্গে আলোচনা করেই আমাদের সেখানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।’
এদিকে, গোলাপবাগ মাঠে দলে দলে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। শনিবারের সমাবেশ সামনে রেখে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যেই খেলার মাঠটি প্রায় ভরে গেছে। রাতেই শুরু হয় মঞ্চ নির্মাণের কাজ।
শনিবার বেলা ১১টায় গোলাপবাগ মাঠেই সমাবেশ করবে বিএনপি। আজ বিকেলে এই খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ওই মাঠে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
মাহফুজা ৯-১২



