ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে । শুক্রবার সকালে তিনি এ তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কি না এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।
বৃহস্পতিবার দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।
বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। সেখানে নিহত হন মকবুল নামে বিএনপির এক কর্মী এবং আহত হন অন্তত ২০ জন। এ ঘটনার পর গ্রেফতার করা হয় প্রায় ৪০০ নেতাকর্মীকে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় ।
মাহফুজা ৯-১২


