২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মানদৌস’-এ পরিণত

    বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মানদৌস’-এ পরিণত হয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ থেকে দেড় হাজার কিলোমিটার দূর দিয়ে ভারতের স্থলভাগ অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই এ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তারা।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘মানদৌস’ এ পরিণত হয়েছে। এটি বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

    এতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

    ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু-পুন্ডুচেরি ও কাছাকাছি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি অত্যন্ত দুর্বল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগ অতিক্রম করতে পারে। স্থলভাগ অতিক্রমের সময় এর বাতাসের গতি থাকতে পারে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। যা ঝোড়ো হওয়ার আকারে ৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে বর্ধিত ৫ দিনেও আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

    বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সবোর্চ্চ কক্সবাজারে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

    মাহফুজা ৮-১২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর