‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছে। ওই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশসহ ৭৩টি দেশ। প্রস্তাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইউক্রেনে আক্রমণের জন্য ক্ষয়ক্ষতির জন্য প্রত্যাবাসন ও প্রতিকার ব্যবস্থা তৈরির জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়। দ্য ওয়্যার ও টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের সময় সোমবার এই প্রস্তাব উপস্থাপন ও পাস হয়। সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে এতে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৭৩টি দেশ। ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশও।
বাংলাদেশ ছাড়াও ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বিরত ছিল ভোটদানে।
মোট ১৪টি দেশ রাশিয়ার বিরুদ্ধে আনা এই রেজুলেশনের বিপক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া এবং সিরিয়া।
পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী হতে হবে বলে স্বীকৃতি দেওয়া হয়। যার মধ্যে আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদের লঙ্ঘন, এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ রাশিয়াকে অন্যায় সব কাজের সকল আইনি পরিণতি বহন করতে হবে ।
একই সঙ্গে ইউক্রেনে হামলার ক্ষতিপূরণ বহন এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনো ক্ষয়ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
মাহফুজা ১৫-১১



