দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ মৃত্যু হয়েছে ৩ জনের । এ ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন । সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রহিম (৪০)। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইসা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহসান পরিবহনের একটি বাস পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ব্যাঙকালী নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটি ব্রিজের র্যালিংয়ে গিয়ে আটকে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দিনাজপুর এবং সৈয়দপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৯ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



