ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছে। তারা দুজনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরছিলেন।
রোববার (২২ সেপ্টেম্বর, ২০২৪) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইল মুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখ (বিজিবিতে কর্মরত) এর ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উৎস মোল্লা ও তার বন্ধু তিতাস শেখকে নিয়ে মোটরসাইকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যায়। আজ (রোববার) সকালে তারা বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে নগরকান্দার কান্দি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দুইজনই প্রাণ হারায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


