কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচকে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে ছড়ার পানিতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. ইউনুছ সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পরনে ছিল প্যান্ট, তবে গায়ে কোনো পোশাক ছিল না।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
উল্লেখ্য, গত ৮ জুলাই কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় কামাল উদ্দিন দুর্জয় নামে আরেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছিল।



