মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালে বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, কারণ তারা জানে এর পরিণতি কী হতে পারে।
রবিবার সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে আমরা কখনোই কিছু করব না’, কারণ তারা জানে এর পরিণতি কী হবে।”
চীন তাইওয়ানে হামলা চালালে তিনি মার্কিন বাহিনীকে প্রতিরক্ষায় পাঠাবেন কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, “যদি এমনটি ঘটে, আপনারা জানতে পারবেন। আর তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।”
ট্রাম্প জানান, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এশিয়া সফরকালে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি ওঠেনি। “তিনি (শি) বিষয়টি ভালোভাবেই বোঝেন,” বলেন ট্রাম্প।
তবে শি জিনপিং ঠিক কী বোঝেন—এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, “অন্য পক্ষ বিষয়টি জানে, কিন্তু আমি এমন কেউ নই যে সবকিছু প্রকাশ্যে বলব।”
তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দাবি করে আসছে, অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে স্বাধীন অবস্থান ধরে রেখেছে।



