গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহত আজেদা বেগম (২৮) একই উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গত ২১ অক্টোবর বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় আজেদার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, শামীম মাদকাসক্ত ছিলেন এবং মোবাইল ফোনে জুয়ায় আসক্ত ছিলেন। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে আজেদার পেটে ছুরি দিয়ে আঘাত করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,
“স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”


