উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার সকালে উৎক্ষেপণকৃত এই ক্ষেপণাস্ত্রগুলো দেশটির সাম্প্রতিক সামরিক তৎপরতার অংশ। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর: আলজাজিরা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, “আমরা পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত কয়েকটি বস্তু শনাক্ত করেছি, যেগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে।”
এই উৎক্ষেপণ এমন এক সময় ঘটল, যখন মাত্র এক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার গিয়োংজু শহরে শুরু হচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। এতে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ফলে, এই উৎক্ষেপণকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণের আশঙ্কায় সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদানপ্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে উত্তর কোরিয়া সর্বশেষ গত ৮ ও ২২ মে একই অঞ্চলে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। চলতি মাসের শুরুতেও দেশটির নেতা কিম জং উন এক সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হুয়াসং-২০’ প্রদর্শন করেন, যেখানে চীন ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন, উত্তর কোরিয়া এপেক সম্মেলনের আগে বিশ্বকে ‘পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে চাপ প্রয়োগের কৌশল হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। আজকের উৎক্ষেপণ সেই পূর্বাভাসকেই দৃঢ় করছে।


