ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর ওপর সার্ভিস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার সামিউল ইসলাম (২৭)। তারা পরস্পরের বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকায় সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তারা। ধারণা করা হচ্ছে, পেছন দিক থেকে আসা কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাঁসাড়া হাইওয়ে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী বলেন—
“রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুটি মরদেহ মহাসড়কের পাশে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেছন দিক থেকে কোনো গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুই তরুণের এমন অকাল মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইমন ও সামিউল—দুজনই সদালাপী ও কর্মঠ ছিলেন। তাদের মৃত্যুতে এলাকার তরুণ সমাজও গভীরভাবে মর্মাহত।


