গত ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরামের প্রথম বার্ষিক সাধারণ সভা। সভায় প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও প্রাণবন্ত।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান এর তত্ত্বাবধানে সভায় গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ/না ভোটের মাধ্যমে ফোরামের উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় কমিটি এবং কার্যকরী সদস্যবৃন্দ নির্বাচিত হন। অংশগ্রহণকারী সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন এবং একটি সুসংগঠিত নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখেন।
সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সংগঠনের নাম নির্ধারণের জন্য উপস্থাপন করা হয় দুটি প্রস্তাব:
১. মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরাম
২. মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন
প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত কণ্ঠভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হয় “মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফোরাম” নামটি। এই নামটি বিদ্যালয়ের ঐতিহ্য, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, এবং প্রাক্তনদের আবেগ, বন্ধুত্ব ও পারস্পরিক বন্ধনকে সম্মান জানায় — এমনটাই মনে করেন উপস্থিত সদস্যরা।
কমিটি নির্বাচিত হওয়ার পর আহ্বায়ক মো: আক্তারুজ্জামান নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সংগঠনের যাবতীয় দায়-দায়িত্ব বুঝিয়ে দিয়ে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।



অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, প্রাক্তন শিক্ষার্থীদের অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন। এ সভা প্রাক্তনদের মাঝে সম্প্রীতি ও সংহতি বৃদ্ধি, শিক্ষাঙ্গনের উন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সম্পন্ন হয়।



