আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারও বিশ্বের দরবারে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান মুহাম্মদ মুনতাসির রহমান আদি এবং তার নেতৃত্বাধীন টিম “তারার বাড়ি“ উদ্যমী তরুণ উদ্ভাবক।
মালয়েশিয়ার SEGi বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE 2025)-এ অংশ নিয়ে বাংলাদেশি দলটি অর্জন করেছে স্বর্ণপদক। আদির নেতৃত্বে পরিচালিত এই সফল মিশন দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিগত সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে উপস্থাপন করেছে।



এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা গবেষণা, প্রযুক্তি এবং সৃজনশীলতার ওপর ভিত্তি করে নিজেদের উদ্ভাবন উপস্থাপন করে। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল “তারার বাড়ি” উপস্থাপন করে তাদের রোবটিক্স প্রকল্প, যা আন্তর্জাতিক জুরি বোর্ড ও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
প্রকল্পে তারা রোবটিক্সের প্রাথমিক ধারণা থেকে শুরু করে মঙ্গল রোভারের উন্নত ডিজাইন পর্যন্ত তাদের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে। এই যাত্রার সূচনা হয়েছিল স্পেস ইনোভেশন ক্যাম্প একাডেমি থেকে, যেখানে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তারা সৃজনশীল চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়।
দলের অধিনায়ক মুহাম্মদ মুনতাসির রহমান আদি দৃঢ় নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে দলকে সাফল্যের শিখরে নিয়ে যান। তার দিকনির্দেশনায় দলটি একাগ্রতা, উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের মাধ্যমে এই আন্তর্জাতিক অর্জন সম্ভব করেছে।
টিম সদস্য মুনতাসির বলেন,
“আমাদের এই অর্জন প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা বিশ্বাস করি, এটাই আমাদের শুরু—এগিয়ে যেতে চাই আরও অনেক দূর।”
WICE (World Invention Competition and Exhibition) হলো একটি আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা, যেখানে বিশ্বের উদ্ভাবক ও শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর এবং সমাজকল্যাণমূলক প্রকল্প উপস্থাপন করে।
বাংলাদেশি দলের এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, বরং দেশের শিক্ষাক্ষেত্র, প্রযুক্তি ও উদ্ভাবন সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


