ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়ালো ১৬২ জনে। আহত হয়েছেন ৩২৬ জন। আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালের বাইরে।
ধসেপড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের বাঁচানোর জন্য উদ্ধারকারীরা রাতেও কাজ করছেন। জাভার গভর্নর জানান, ভূমিকম্পে এক হাজার লোক তাদের থাকার জায়গা হারিয়েছেন এবং দুই হাজারের বেশি বাড়িঘর ভেঙ্গে গেছে।
এদিকে কর্মকর্তারা সাবধান করেছেন মূল ভূমিকম্পের পর ছোট ছোট একাধিক ভূকম্পন হতে পারে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্গত গ্রামগুলো থেকে আহত-নিহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স হাসপাতালে আসছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বিধ্বস্ত বহু বাড়িঘর এবং দোকানপাট দেখা গেছে। বিধ্বস্ত ভবনগুলোর মধ্যে একটি হাসপাতাল এবং একটি আবাসিক মাদ্রাসাও রয়েছে
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অ্যানতারাকে জাতীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ও নিহতদের উদ্ধারে তারা সহযোগিতা করছে।
চিয়ানজুর থেকে ১০০ কিমি দূরে রাজধানী জাকার্তায়ও ভূকম্পন বেশ জোরেই অনুভূত হয়েছে। সেসময় রাজধানীর উঁচু ভবনগুলো থেকে আতংকে মানুষজন ছুটে বাইরে বেরিয়ে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
মাহফুজা ২২-১১



