খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (৪৫)এক ট্রাকচালক মারা গেছেন । এতে আহত হয়েছেন আরও দুই জন। এসময় ট্রাকে থাকা ৮টি গরুও মারা গেছে।
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর ঈদগাহ মোড়ে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকার হায়দার আলি মোড়লের ছেলে নিহত ট্রাকচালক শাহিনুর রহমান ৷
হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকচালক শাহিনুর রহমান, হেলপার আনোয়ার মুন্সি (৪২) ও লিজু (২২) আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর রহমান মারা যান। এছাড়া ট্রাকে থাকা ৮টি গরুও ঘটনাস্থলে মারা যায়।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। মৃত গরুগুলোও উদ্ধার করা হয়েছে।



