যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশানুজ্জামান বাবলুকে (৪৮) গলা কেটে হত্যা করেছে । আরও কয়েকজন জন এ ঘটনায় আহত হয়েছেন।
এ ঘটনা ঘটে মঙ্গলবার (২১ জুন) রাত ১০টায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে । খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাবলুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশানুজ্জামান বাবলুর বাড়ি মহিষাকুড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাহাজান মোল্লার ছেলে। তিনি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার।
স্থানীয়রা জানায়, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। এ সময় একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে সেখানে প্রথমে চার-পাঁচটি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।



