পটুয়াখালী শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস (৬২) ও তাঁর প্রাইভেট গাড়ির চালক মিরাজ (২৫)-কে অক্ষত অবস্থায় প্রায় ২৬ ঘন্টা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়া রোডস্থ এসপি কমপ্লেক্স শপিং মলের আন্ডার গ্রাউন্ড থেকে এ দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের সঙ্গে শিবু দাস ও তাঁর গাড়ী চালককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অপহরণ ও উদ্ধারের বিস্তারিত বিষয় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে এসপি কমপ্লেক্স শপিং মলের মালিক মো. গোলাম সরোয়ার বাদল বলেন, ‘আমার এ ভবনের আন্ডারগ্রাউন্ডের ভিতরে শিবু লাল দাস ও তাঁর গাড়ী চালককে হাত-পা বাধা অবস্থায় দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে পুলিশ সুপার মহোদয়কে খবর দেই। তিনি এখানে দ্রুত চলে আসেন এবং ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই হচ্ছে ঘটনা। কিভাবে আমার আন্ডারগ্রাউন্ডে ঢুকালো তা বুঝে উঠতে পারছি না’।
পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ-পিপিএম জানান, সোমবার রাতে শিবু দাস অপহরণের খবর পাওয়ার পর থেকে র্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায়। এ কারণে অপহরণকারীরা তাদের পরিকল্পনা ও উদ্দেশ্য সফল করতে পারেনি। এক পর্যায় মঙ্গলবার রাতে শহরের একটি শপিং মলের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু দাস ও তাঁর গাড়ী চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা একজনও ছাড় পাবেনা’।
প্রসঙ্গত: সোমবার রাত সাড়ে ৮টা/৯টার দিকে জেলার গলাচিপা থেকে পটুয়াখালী শহরের বাসায় ফেরার পথে ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের শিকার হন এবং ওই রাতেই বিষয়টি পুলিশকে অবহিত করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম উদ্ধার অভিযানে নেমে পড়েন এবং ২৬ ঘন্টা পর অক্ষত অবস্থায় পটুয়াখালী শহর থেকে তাদের উদ্ধার করা হয়।
পটুয়াখালীতে অপহৃত ব্যবসায়ী শিবু দাস ও তাঁর গাড়ি চালককে ২৬ ঘন্টা পর উদ্ধার
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |



