বরগুনা প্রতিনিধি | দৈনিক আলোচিত খবর
বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার এ.কে. স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মো. জাফর (৫৫) এবং হলদিয়া গ্রামের জাহিদ হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ওসি মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সেপটিক ট্যাংক ও বদ্ধ স্থানে কাজের সময় নিরাপত্তা সরঞ্জাম ও গ্যাস পরীক্ষার ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



