আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আলোচিত খবর
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগর এলাকায় একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ‘মিকাসা ইন’ নামের হোটেলটিতে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থানরত অতিথিরা আটকা পড়েন। অনেককে জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়তেও দেখা গেছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। সংকীর্ণ রাস্তার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হলেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছবিতে ধরা পড়েছে আতঙ্কিত মানুষের প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। দিল্লির সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে ঘটনাটি আলোচনায় এসেছে।



