নিজস্ব প্রতিবেদক | দৈনিক আলোচিত খবর
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আঙুলের ছাপ না মেলার সমস্যায় ভোগা নাগরিকদের জন্য স্বস্তির খবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই উপজেলা ও জেলা নির্বাচন অফিস থেকেই অনাপত্তি সনদ (এনওসি) দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। ফলে এ সেবা নিতে আর ঢাকায় আসতে হবে না সাধারণ মানুষকে।
বর্তমানে আঙুলের ছাপ ডাটাবেজের সঙ্গে না মিললে এনআইডি অনুবিভাগ থেকে এনওসি সংগ্রহ করতে হয়, যার জন্য অনেককে রাজধানীতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বাড়ছে।
ইসি সূত্র জানায়, প্রবীণ ব্যক্তি, কৃষিশ্রমিক এবং দীর্ঘদিন পানিনির্ভর কাজে নিয়োজিত অনেক নাগরিকের ক্ষেত্রে আঙুলের ছাপ মিলছে না। ফলে মোবাইল সিম নিবন্ধনসহ বিভিন্ন বায়োমেট্রিক সেবা গ্রহণে তারা সমস্যায় পড়ছেন।
এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন জানান, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ার পর থেকে এনওসির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে নাগরিকদের সুবিধার্থে মাঠ পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আঙুলের ছাপজনিত সমস্যায় ২ হাজার ৭৮৮ জন এনওসি নিয়েছেন। আর চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৭০৮ জনে।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়েই দ্রুত সেবা পাওয়া যাবে এবং নাগরিকদের ঢাকামুখী হওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে।



