অবশেষে দীর্ঘ এক বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন প্রিয়াঙ্কা । তারপর এক বছর কেটে গেলেও মেয়ের মুখ দেখাননি তিনি।
প্রিয়াঙ্কা জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দেন । এ অনুষ্ঠানে উপস্থিত হন প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাসও এবং মা প্রিয়াঙ্কার সঙ্গে ছিলো কন্যা মালতি।
অনুষ্ঠানে মেয়েকে কোলে নিয়ে দর্শক আসনের প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা পরেছিলেন কফি রঙের পোশাক। আর মালতী মেরি চোপড়া জোনাসকে দেখা গেছে ক্রিম রঙের সোয়েটারে।
অনুষ্ঠানটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, মায়ের কোলে বসে এদিকওদিক উঁকিঝুঁকি দিচ্ছে মালতি। কখনো প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলায় ব্যস্ত সে। মেয়েকে দু-হাতে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গেছে।
ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তোমাকে নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা। শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে।’
নেটিজেনরা মালতির মুখ প্রথমবার দেখে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন । একজন লিখেন, ‘মালতির মুখটা যেন একেবারেই নিকের মুখ।’ আরেকজন লিখেছেন, ‘মালতি দেখতে খুব মিষ্টি।’ অন্যজন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরোটাই তো ওর বাবার মতো দেখতে।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হলে প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ২০২২ সালের ১৫ জানুয়ারি এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় মালতি।
মাহফুজা ৩১-১



