বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে লঘুচাপটি । এতে আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। লঘুচাপটির প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।
মঙ্গলবার ৯ আগস্ট দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সাগর উত্তাল থাকায় ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং তাদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া । গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদরে ১৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩ এবং টেকনাফে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
মাহফুজা ৯-৮



