পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মোঃ আলমগীর হোসেন (২২) ও মোঃ ফজলু(২১) মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে দশটার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওই দুই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের বাড়ি দোহার থানা এলাকায় বলে জানা গেছে।
এর আগে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্ত ও জুতা পড়ে আছে। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সেতুর উত্তর প্রান্তে কোনো দুর্ঘটনা ঘটেনি। অপর প্রান্তে ঘটতে পারে।
এর আগে সন্ধ্যায় পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার উত্তর প্রান্তে মোটরসাইকেলের ভিড় লেগে যায়। এ সময় টোল দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে উল্লাস প্রকাশ করেন আরোহীরা।



