ইউক্রেনের খারকিভ এ রাশিয়ার ছোড়া গোলার আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ বেসামরিক নাগরিক । আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ এ তথ্য নিশ্চিত করেন। খবরটি জানায় আল জাজিরা।
মঙ্গলবার রুশ হামলায় খারকিভ এ শিশুসহ পাঁচজন আর ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বের চুহুইভ এলাকায় ছয়জন মারা গেছেন বলে জানান গভর্নর । এছাড়াও খারকিভের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত জোলোচিভ এলাকায় মারা গেছেন আরও তিনজন।
এ মাসের শুরুর দিকে ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রুশ বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির দিকে এগোনো চেষ্টা করছে। আর তাই খারকিভে তীব্র হচ্ছে রুশ আক্রমণ। খারকিভ পুলিশ প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে উরাগান মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহারের অভিযোগ তুলেছে ।
গেল সপ্তাহে ইজিয়াম এলাকার একটি গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মঙ্গলবারও সম্ভব হয়নি কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনা। খারকিভের গভর্নর জানান ওইদিনের হামলায় আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
মাহফুজা ২২



